ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিখোঁজ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৬ জুন ২০২৪
নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভোবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, এই ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশালের মনপুরায় যাচ্ছিল। 

Advertisement

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে ৪ জন ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এ সময় সেখান থেকে হয়তো আগুনের ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন।

জানা যায়, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়। এতে নদী ও তীরে বসবাস করা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, এ মুহূর্তে কিছুই বলতে পারব না। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেয়া হয়েছে ও বাকি ৩ জনের ব্যাপারে এখনো জানি না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!