মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী এসব তথ্য জানান। গত ৫ দিন বগুড়া জেলায় এবং জেলার বাইরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. পাভেল, জেলার আদমদিঘী উপজেলার তানশন কুনডুপাড়ার মৃত বিপুল চন্দ্র’র ছেলে বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকার ফুল কিশোর রাজভরের ছেলে বিমল রাজভরএবং বগুড়া সদর উপজেলার বড় টেংড়া হারবালা আদর্শ গ্রামের ফারাজ মুন্সির ছেলে মো.জাহিদুল ইসলাম। লুণ্ঠিত টাকা ক্রয়কৃত মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।
.png)
এসপি আরো জানান, বগুড়া মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপ শাখা থেকে গত ১২ জুন রাতে সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে প্রথমে পাভেলকে আটক করা হয়। এ পাভেলের প্রাথমিকভাবে দেওয়া তথ্যর ভিত্তিতে জাহিদুলসহ অন্যদের গ্রেফতার করা। তাদের হেফাজতে থাকা লুণ্ঠিত ১০ লাখ টাকা এবং ওই টাকা থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেছিল তা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ব্যাংকের টাকা চুরির ঘটনা ও রহস্য জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রশিদ, সরাফত ইসলাম, সুমন রঞ্জন সরকার, সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ, ওসি (তদন্ত) শাহিনুজ্জামান, অপারেশন ফইম উদ্দিন, মামলার তদন্তকারী কর্মকতা রেদওয়া নুর রহিম।
১২ জুন দিন গত রাতে বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপ শাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। ব্যাংকে এই উপ শাখায় ম্যানেজারসহ ২ কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে ব্যাংকের এই উপ শাখায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।
ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে কর্মকর্তারা চলে যায় । বৃহস্পতিবার সকালে কমকর্তারা শাখায় এসে দেখে সিন্দুক ভাঙা। ভেতরে টাকা নেই। তখন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ্য প্রহরী ছিল না। এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় ১৩ জুন রাতে অজ্ঞাত নামা আসামি করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছিল।
আইএফআইসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক তাজমিলুর রহমান জানান, দুই দুর্বৃত্ত গায়ে পলিথিন জড়িয়ে বুধবার রাত আড়াইটার দিকে দ্বিতল ভবনের টিনশেডের সিঁড়ির ঘরের ইট খুলে ভেতরে ঢুকে তালা ও ভল্ট ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে কর্মচারীরা শাখা খোলার পর চুরির বিষয়টি টের পায়। পরে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানাজানি হওয়ার পর আইএফআইসি ব্যাংকের ওই উপ-শাখায় সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। ফলে গ্রাহকরা ফিরে যাচ্ছিলেন।
এর আগে গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল।