ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ব্রিজ ভেঙে নিহতের মধ্যে ৭ জনের বাড়িই মাদারীপুরে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২২ জুন ২০২৪
বরগুনায় ব্রিজ ভেঙে নিহতের মধ্যে ৭ জনের বাড়িই মাদারীপুরে
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার আমতলীর হলদিয়া বাজার সংলগ্ন লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত নয়জনের মধ্যে ৭ জনের বাড়িই মাদারীপুরের শিবচরে। আর দুইজনের বাড়ি আমতলীর হলদিয়া গ্রামে। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার হলদিয়া বাজার সংলগ্ন ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের মুনী বেগম (৪০), তার ছোট মেয়ে তাহিয়া (৭), বড় মেয়ে তাসফিয়া (১১), একই এলাকার ফরিদা বেগম (৫৫), রাইতি (৩০), ফাতেমা আক্তার (৪০), রুবী বেগম (৪০), হলদিয়া গ্রামের জহিরুল ইসলামের মেয়ে হৃদি (৫) ও তার মা জাকিয়া বেগম (৩০)।

Advertisement

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের মনির হাওলাদারের মেয়ে হুমায়রা বেগমের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। ওই অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার দুপুর দেড়টার সময় তারা মাইক্রোবাসযোগে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি হলদিয়া বাজার সংলগ্ন লোহার সেতু ভেঙে খালে পড়ে যায়। পরে দুই শিশুসহ ৯টি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে তিনজন।

জীবিত উদ্ধার হওয়া মাহবুব খান বলেন, ‘নয়জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে সাতজন আমাদের মাদরীপুরের শিবচরে স্বজন। অন্য দুজন আমতলীর। তারাও আমাদের অত্মীয়।’

আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থল থেকে ৯ নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!