ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের কিল-ঘুষিতে প্রাণ গেল মায়ের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ১৯ জুন ২০২৪
ছেলের কিল-ঘুষিতে প্রাণ গেল মায়ের
ফাইল ফটো

কুমিল্লার তিতাসে ছেলের মারধরে মঞ্জুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

এর আগে, মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার সাতানি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা। নিহত মঞ্জুরা বেগম সাতানি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শান্তি মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত মঞ্জুরা বেগমের দুই ছেলে ও তিন মেয়ে। ছোট ছেলে প্রবাসী। বড় ছেলে নবীর হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। তিনি সাংসারিক খরচের জন্য তাকিয়ে থাকতেন দুই ছেলের দিকে। ছোট ছেলে প্রবাস থেকে মাস শেষে টাকা পাঠালেও বড় ছেলে খুব একটা সংসার খরচ দিতেন না। এ নিয়ে কয়েকদিন পরপরই নবীর হোসেনের সঙ্গে তার বাবা-মায়ের কথা-কাটাকাটি হতো। এর আগেও একাধিকবার নবীর হোসেনের সঙ্গে মায়ের বাগবিতণ্ডা হয়।

Advertisement

স্থানীয়রা এসব বিষয় সমাধান করে দেন। মঙ্গলবার রাতে সংসারের খরচ চাওয়ায় নবীর হোসেন তার মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে চেয়ার দিয়ে মারধর করেন। এসময় তার বাবা শান্তি মিয়া বাধা দিলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন নবীর হোসেন। পরে আবার মাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

মারধরে জ্ঞান হারিয়ে ফেলেন মঞ্জুরা বেগম। পরে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

তিতাস থানার ওসি কৃষ্ণ কান্তি দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের রেপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!