ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রিজ মোড়ে ভোগান্তি

কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪:১৩, ১৭ জুন ২০২৪
ব্রিজ মোড়ে ভোগান্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে সড়কে যানজট না থাকলে পাটগুদাম ব্রিজ (বাংলাদেশ চীন মৈত্রী সেতু) মোড়ে যানজটে নাকাল যানবাহনের যাত্রী ও চালকরা। কয়েক মিনিটে পাড় হওয়ার মতো এই মোড়টি এখন পার হতে চালকদের সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।

সরেজমিনে দেখা যায়, শত শত যানবাহন ব্রিজ মোড়ে আটকে আছে। কিছুক্ষণ পর পর পিঁপড়ের মতো চাকা ঘুরছে। শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জগামী গাড়িগুলো ব্রিজ মোড় পার হতেই দ্রুত যেতে পারছে। কারণ যাওয়ার পথে সড়ক ফাঁকা। তবে একই সড়কে বিপরীত দিক থেকে আসা যাত্রীগুলো ভোগান্তিতে পড়েছে। ফলে গাড়িতেই ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন যাত্রীরা।

পাটগুদাম ব্রিজ মোড়ে বাসে থাকা যাত্রী আব্দুল আহাদ বলেন, বেশিরভাগ গাড়ির চালক মোড়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করছে। ফলে মোড়টি যানজটমুক্ত হচ্ছে না, আমরাও ভোগান্তি পোহাচ্ছি।

ব্রিজ মোড়ে আটকে আছে শত শত যানবাহন

নেত্রকোণাগামী একটি বাসের চালক সারোয়ার হোসেন বলেন, মোড়টি এক ঘণ্টাতেও পার হতে পারিনি। এ কারণে গাড়ির তেল বেশি পুড়ছে এবং যাত্রীরাও অসহনীয় ভোগান্তিতে পড়েছেন। মোড়ে যানজট নিরসন করতে পারলে দ্রুত গন্তব্যে যাওয়া যেতো। কারণ, বাকি পুরো সড়কটিই ফাঁকা।

ময়মনসিংহ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশের চোখের সামনে কোনো চালক যাত্রী মোড়ে ওঠানামা করতে পারে না। তবে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। 

তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন বিহীন অনেক যানবাহন সড়কে চলাচল বন্ধ করা হয়েছে। তবুও  বেড়েছে গাড়ির সংখ্যা। ফলে ট্রাফিক পুলিশের তৎপরতায় অন্য সব সড়কগুলো ফাঁকা থাকলেও পাটগুদাম ব্রিজ পর্যন্ত এসে জটলার সৃষ্টি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!