ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই আবাসন প্রকল্পে অভিযান, ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ১১ জুন ২০২৪
সেই আবাসন প্রকল্পে অভিযান, ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
ছবি: সংগৃহীত

অবশেষে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় মডার্ণ হাউজিং আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ অভিযান চালানো হয়।

আবাসন প্রকল্পটিতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

জানা যায়, সামছুল হক নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা দিয়ে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ নিয়েছেন মডার্ণ হাউজিংয়ের একটি ছয় তলা বাড়ির মালিক আওলাদ হোসেন। গত চার বছর ধরে ভবনটিতে ১৩টি চুলার মাধ্যমে প্রায় সাত লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছেন বাসিন্দারা। তিতাসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি স্বীকার করেন বাড়ির মালিকের স্ত্রী।

Advertisement

এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার। পরে স্ত্রীর অনুরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা কমিয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করলে তিনি পরিশোধ করেন।

নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে সোমবার দুপুরে ওই আবাসন প্রকল্পটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অধিকাংশ বাড়ির অবৈধ গ্যাস ব্যবহারকারিরা বিল বই দেখাতে ব্যর্থ হন। পাশাপাশি বৈধ গ্রাহকরাও অনুমোদনের চেয়ে কয়েকগুণ বেশি চুলা ব্যবহারসহ তিতাসের বিপুল পরিমাণ গ্যাস বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ ফতুল্লা জোন এর ব্যবস্থাপক মো. মুশিউর রহমান বলেন, এসব অপরাধের কারণে ২৫টি বহুতল ভবনের ৫০০ অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ রাইজার ও বার্নার। একই সঙ্গে তিনটি বাড়ির মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, মডার্ণ হাউজিং নামে এই আবাসন প্রকল্পটিতে নির্মিত অর্ধশতাধিক বহুতল ভবনে প্রায় ৬০০ পরিবার বসবাস করেন। স্বল্প সংখ্যক বাড়িতে তিতাস গ্যাসের বৈধ সংযোগ থাকলেও অধিকাংশ বাড়িতেই নেয়া হয়েছে অবৈধ সংযোগ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!