ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফার্মেসির ভেতরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৯ জুন ২০২৪
ফার্মেসির ভেতরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ফার্মেসির ভেতরে দ্বিতীয় স্ত্রী রেহেনা খানমকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী মোল্লা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রোববার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটে স্বামীর ভাড়াকৃত মোল্লা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। রোববার বিকেল ৪টার দিকে র‌্যাব আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

গ্রেফতার মোল্লা গোলাম কিবরিয়া নড়াইলের কালিয়া উপজেলার ধসহাটী গ্রামের সায়েক উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার গোলাম মোস্তফা মার্কেটের একটি ঘর ভাড়া নিয়ে মোল্লা ফার্মেসি নাম দিয়ে ব্যবসা করতেন।

রেহেনা খানম গোপালগঞ্জ সদর থানার চন্দ্র দিঘিলিয়া (ভূঁইয়া পাড়া) গ্রামের ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় ভিকটিমের ভাই হারুন অর রশিদ ভূঁইয়া শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত করে আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাত ৯ টার দিকে স্থানীয় লোকজন মার্কেটের মোল্লা ফার্মেসির শাটারের নিচ দিয়ে টর্চ লাইটের আলোতে ভিকটিমের লাশ দেখতে পায়। গত ৭-৮ মাস আগে মুলাইদ এলাকার মোস্তফার বাসা ভাড়া নিয়ে রেহেনা স্বামীর সঙ্গে বসবাস করে আসছিল। পরে ২-৩ মাস আগে স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়ে দোকান ভাড়া নিয়ে কিবরিয়া একাই দোকানে থাকতেন এবং ফার্মেসি পরিচালনা করে আসছিলেন। হত্যার তিনদিন আগে রেহেনা তার স্বামীর কাছে আসেন। পরে পারিবারিক ঘটনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামি মোল্লা গোলাম কিবরিয়া স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জানায়, স্ত্রীকে বটি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গলা কেটে হত্যা করে ফার্মেসি বন্ধ করে চট্টগ্রাম পালিয়ে যায়। গ্রেফতার আসামির কাছ থেকে ৩টি মুঠোফোন, ৫টি সিমকার্ড, একটি চিকন স্বর্ণের চেইন, একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ১১ হাজার ৬ শ টাকা উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, স্ত্রীকে নিজ ফার্মেসিতে বটি দিয়ে গলা কেটে হত্যা মামলায় র‍্যাব আসামিকে গ্রেফতার করে। তাকে সোমবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!