ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমারে ফিরল বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি-সেনা সদস্য 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৯ জুন ২০২৪
মিয়ানমারে ফিরল বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি-সেনা সদস্য 
মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে মিয়ানমার থেকে ফিরে এসেছেন সেদেশের কারাগারে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি।

রোববার (৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত দেশটির নৌবাহিনীর জাহাজে করেই তারা ফিরে যাবেন নিজ দেশে। 

এর আগে সকাল ৭টার দিকে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে বিজিবির নিরাপত্তায় ৪টি বাসে করে তাদের নিয়ে আসা হয়।  এ সময় পুরো ঘাট এলাকা পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড এবং গোয়েন্দা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। 

Advertisement

এরপর সকাল পৌনে ১০টার দিকে দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরে আসেন ৪৫ বাংলাদেশি। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারের কারাভোগ করা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

এর আগে ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফেরত গেছেন। সে সময় মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ বাংলাদেশি। তারও আগে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ। রোববার ১৩৪ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!