ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে ফরিদপুরে বন্ধ হলো বাস চলাচল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৬ জুন ২০২৪
যে কারণে ফরিদপুরে বন্ধ হলো বাস চলাচল
ছবি: ডেইলি বাংলাদেশ

আদালতের আদেশে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিতের ঘটনায় বিক্ষুব্ধ বাস শ্রমিকরা ফরিদপুর থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টার পর থেকে শহরের পৌর বাস টার্মিনালের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সে সময় থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেন।

শুক্রবার ৭ জুন ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে, বৃহস্পতিবার (৬ মে) ঢাকার জেলা ও দায়রা জজ এর দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ এক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের অন্তর্বর্তীকালীন এক আদেশ দেন। এ খবর পৌঁছার পর থেকেই ক্ষুব্ধ হয়ে উঠেন বাস শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ৩টার পর থেকে তারা শহরের পৌর বাস টার্মিনালের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

Advertisement

জানা গেছে, মাহাবুব উদ্দিন মোল্যা নামে এক ব্যক্তি ট্রেড ইউনিয়নের সঙ্গে স্পেশাল কোনো মিটিং ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণাসহ আরো কয়েকটি অভিযোগ এনে নির্বাচন স্থগিতের জন্য শ্রম আদালতে আবেদন করেন।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেন মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ইন্ধনে আদালতে ভুল তথ্য দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে হাজার হাজার শ্রমিকরা বিক্ষুব্ধ। তারা নিজে থেকে কর্মবিরতিতে নেমেছেন। এই পরিস্থিতির অবসান কবে নাগাদ হবে তা তারা জানেন না। এ ব্যাপারে তারা ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপসহ সবার সহায়তা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির ও সাধারণ সম্পাদক গোলাম মো. নাসির।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!