ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে, সর্বশেষ যা জানা গেল

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ৫ জুন ২০২৪
ময়মনসিংহের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে, সর্বশেষ যা জানা গেল
ছবি: ডেইলি বাংলাদেশ

চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও ও নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে নান্দাইল উপজেলার চন্ডিপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ফলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সব বয়সী ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। তবে ভোটার উপস্থিতি কম।

চন্ডিপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মহসিন বলেন, এই কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ৫৬৪ জন। সকাল ১০টা পর্যন্ত ৯টি বুথে ভোট দিয়েছে ১৭৫ জন। মনে হচ্ছে, দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।

Advertisement

তিন উপজেলার ৩৯টি ইউনিয়নে ভোটার রয়েছে ১০ লাখ ৮ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫ হাজার ৩৮৬ জন, মহিলা ভোটার ৫ লাখ ৩ হাজার ৫৭৫ জন ও হিজড়া ভোটার রয়েছে ১১ জন। মোট ৩৬১টি কেন্দ্রের ২ হাজার ৬৪৩টি কক্ষে ভোটগ্রহণ চলছে। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আশা করছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!