শুক্রবার (৩১ মে) দুপুরে ময়নাতদন্ত শেষে ওই ছাত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যার দিকে ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত জান্নাত আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তিনি চারগাছ নুরুল ইসলাম ভূইয়া ডিগ্রি কলেজের মানবিক শাখার ছাত্রী ছিলেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মোস্তফা কামাল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ মে) বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই কলেজছাত্রী। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। স্থানীয় লোকজন দূর থেকে তাকে বারবার ডাকাডাকি করছিলেন। এমনকি, রেললাইন থেকে তাকে সরাতে স্থানীয়রা এগিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রেমিকের কারণে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় কামরুল হাসান বলেন, মেয়েটি ট্রেনে ঝাঁপ দেওয়ার পর আমরা এসে দেখতে পাই দুটি নোটবুক রেললাইনের পাশে পাথর দিয়ে চাপা দেওয়া। সেখানে একটি ছেলের নাম লেখা- হৃদয় মুন্সী. পিতা হোসেন মুন্সী, উপজেলা সাভার এবং তার ফোন নম্বর, ছবি ও মেয়েটির জন্ম নিবন্ধনের কাগজপত্র এবং কলেজের আইডি কার্ড।
হৃদয় মুন্সীর নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে তিনি দুর্ব্যবহার করে ফোন কেটে দেন। এরপর বিষয়টি বুড়িচং থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশকে জানানো হয়। রাত দেড়টার দিকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জান্নাতের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তার চাচাতো ভাই রাজীব, ইয়াছিন ও আক্তার হোসেন। তারা জানান, জান্নাত কী কারণে আত্মহত্যা করছেন কিছুই বুঝতে পারছেন না। যেহেতু তিনি জন্ম নিবন্ধনের কাগজপত্র সঙ্গে করে এনেছিলেন, মনে হয় বিয়ে করার কথা বলে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। যদি ওই ছেলেটির কারণে জান্নাত আত্মহত্যা করে থাকেন তাহলে তার বিচার দাবি করেন তারা।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, আমরা জানতে পেরেছি, মারা যাওয়া কলেজছাত্রী সকালে কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি ট্রেনে করে সদর রসুলপুর স্টেশন আসেন। সেখান থেকে তিনি বুড়িচং মাধবপুর এসে পৌঁছান। আমরা সব আলামত জব্দ করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আমরা ধারণা করছি, ছেলেটি মারা যাওয়া মেয়ের প্রেমিক হতে পারে।
তিনি আরো বলেন, পুলিশের তদন্ত অব্যহৃত রয়েছে। আত্মহত্যার পেছনে যারই প্ররোচনা থাকুক, দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বরে জানান তিনি।