বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরীর বাড়ি হবিগঞ্জ জেলা সদরে। তিনি ২০১২ সালে জেলার ছাতক থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তখনই ওই ঘটনা ঘটে।
.png)
রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আজিজুর রহমান ছাতক থানার এসআই হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছাতক পৌর শহরের একটি মামলার তদন্তের দায়িত্ব পান। ওই মামলার তদন্ত করতে গিয়ে তিনি এক পক্ষের এক নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন।
মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। মামলার বিচারকাজ শেষে আজ রায় ঘোষণা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।