ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৮ মে ২০২৪
জয়পুরহাটে বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে জয়নাল মন্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দীনের ছেলে সামসুদ্দিন ও আলমগীরের ছেলে বেলাল।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিলেন। তখন সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাধা দেন। আসামিরা সাইদুল ও শরীফুলকে অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে ১৪ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!