ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল টাকা কিনে জেলায় জেলায় বিক্রি করতেন স্বামী-স্ত্রী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ২২ মে ২০২৪
জাল টাকা কিনে জেলায় জেলায় বিক্রি করতেন স্বামী-স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে জাল টাকাসহ রিপন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমু নামে এক দম্পতিকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

গ্রেফতারকৃত রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং লাবনী আক্তার রিমু একই এলাকার রিপন আলীর স্ত্রী।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় রিপন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমুর কাছ থেকে এক হাজার টাকার ১৩টি নোট এবং ৫০০ টাকার ২৪টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, রিপন ও রিমু সংঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় তা সরবরাহ করে আসছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলার পর হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!