ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাটহাজারীতে ভোটকেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ২১ মে ২০২৪
হাটহাজারীতে ভোটকেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চললেও বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অবস্থান করছে র‌্যাব ও বিজিবি।

Advertisement

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।  

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হাটহাজারীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে হাটহাজারীতে রয়েছেন তিন লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও নারী এক লাখ ৭০ হাজার ৮০৫ জন। ফটিকছড়িতে ভোটার সংখ্যা চার লাখ ৬৪ হাজার ৬০৭ জন। যার মধ্যে পুরুষ দুই লাখ ৪৫ হাজার ৯৩৮ জন ও নারী দুই লাখ ১৮ হাজার ৬৬৭ জন। রাঙ্গুনিয়ায় মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৮ হাজার ১২২ জন ও নারী এক লাখ ৪০ হাজার ৫৫৭ জন।

তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। এর মধ্যে হাটহাজারীতে ১০৬টি, ফটিছড়িতে ১৪২টি ও রাঙ্গুনিয়ায় ৯৫টি। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনে দুই হাজার ৯৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে আনসার দুই হাজার ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার ১০ জন ও পুলিশ সদস্য ৭৬৯ জন রয়েছেন। এছাড়াও দায়িত্ব পালন করছে র‍্যাব ও বিজিবি। পাশাপাশি ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাটহাজারীর সবগুলো কেন্দ্রের জন্য এক হাজার ৭২৯ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুরো উপজেলায় দায়িত্বে রয়েছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিন উপজেলায় মোট ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!