ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় নান্দাইলে এসআই প্রত্যাহার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৮, ১৯ মে ২০২৪
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় নান্দাইলে এসআই প্রত্যাহার
ফাইল ফটো

র‍্যাব হেফাজতে সুরাইয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানার এসআই নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তিনি নারী ও শিশু নির্যাতন আইনে করা এক মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।

রোববার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসআই নাজমুল হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামীম হোসেন জানান, বিভিন্ন কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, কাজের প্রতি তার আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

এর আগে, শনিবার (১৮ মে) রাতে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে তাকে নান্দাইল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। নান্দাইলে গৃহবধূ রেখা আক্তার (২০) মৃত্যু মামলার আসামি ছিলেন তার শ্বশুর আজিজুল ইসলাম ও শ্বাশুড়ি স্ত্রী সুরাইয়া খাতুন। মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই নাজমুল হাসান। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় দুই আসামিকে নান্দাইল মডেল থানায় ডেকে নেন এসআই নাজমুল। সেখানে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেন।

থানার সামনে আসতেই র‍্যাবের একটি দল আজিজুল ইসলামকে ছেড়ে দিয়ে সুরাইয়াকে আটক করে ভৈরব ক্যাম্পে নিয়ে যায়। এরপর শুক্রবার (১৭ মে) সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!