ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে প্রাণ গেল সমর্থকের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৭ মে ২০২৪
নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে প্রাণ গেল সমর্থকের
ফাইল ফটো

শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে মন্টু খান (৪৫) নামে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রাজগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মন্টু খান তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার কুটি খানের ছেলে। তার আড়িগাঁও বাজারে একটি চায়ের দোকান রয়েছে।

জানা যায়, মন্টু খান সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আখন্দ উজ্জ্বলের সমর্থক ছিলেন। শুক্রবার বিকেলে ঐ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি নির্বাচনী মিছিল বের করেন তুলাসার ইউনিয়নের সমর্থকরা। সেই মিছিলে অংশ নেন মন্টু খান। মিছিলটি জেলা শহরের চৌরঙ্গীর মোড় এসে শেষ হয়। মিছিল শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বাড়িতে ফেরার পথে রাজগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ করে সড়কে লুটিয়ে পড়েন মন্টু খান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া বলেন, আমরা তুলাসার ইউনিয়নের ঘোড়া মার্কার সমর্থকরা মিছিল নিয়ে বের হয়েছিলাম। মিছিল শেষে অনেক গরমে মন্টু ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে একটি দোকানে নিয়ে পানি পান করাই। এর একটু পরেই তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তাছাড়া কেউ স্বাভাবিকভাবে মারা গেলে আমাদের খোঁজ নেয়ার কোনো প্রয়োজন পড়ে না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!