রোববার উপজেলার ধোপাখালীর মাঠ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ভ্যানচালক ইসরাফিল হোসেন (৩৫) জীবননগর হাইস্কুল পাড়ার নুর মোহাম্মদের ছেলে।
আহত ইসরাফিলের বোন মধু জানান, শনিবার (১১ মে) সন্ধ্যায় এক ব্যক্তি দর্শনায় যাওয়ার জন্য আমার ভাইয়ের ভ্যান ভাড়া করেন। তারপর সারা রাত ভাই বাড়ি ফেরেননি। এ নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। পরদিন রোববার ভোরে সংবাদ পাই ভাই জীবননগর হাসপাতালে ভর্তি আছে। পরবর্তীতে জানতে পারি স্থানীয় লোকজন আমার ভাইকে ধোপাখালি গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুকুরে পানি না থাকায় আমার ভাই প্রাণে বেঁচে গেছে।
.png)
ভুক্তভোগী ভ্যানচালক ইসরাফিল হোসেন জানান, অপরিচিত এক ব্যক্তি পাখিভ্যান ভাড়া করে পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার দর্শনায় যান। সেখানে ঘোরাঘুরি করে রাত ১০টার দিকে লোকটি আবার ভ্যানে করে জীবননগর ফেরার পথে আমাকে কোকের মধ্যে কিছু মিশিয়ে খাইয়েছিল বলে মনে হচ্ছে। কোক তেতো লাগছিল। দর্শনা থেকে ফেরার পথে ধোপাখালী এসে আমাকে ধাক্কা মেরে পুকুরের মধ্যে ফেলে দিয়ে আমার পাখিভ্যান নিয়ে পালিয়ে যান তিনি। পুকুরে পড়ার কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে পড়ি।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজন বলেন, রোববার ভোরে ইসরাফিল নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমরা তাকে হাসপাতালে ভর্তি রেখেছি। তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত।
জীবননগর থানার ওসি জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবেশে এক ব্যক্তি কোকের সঙ্গে চেতনানাশক ও চালককে মারধর করে পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুর মোহাম্মদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।