কারা তাকে সেখানে নিয়ে গেছে, কারা হত্যার চেষ্টা করেছে- ভিডিওতে এসব প্রশ্নের উত্তর দিতে দেখা যায় শিশুটিকে। একপর্যায়ে মাটিতে নুয়ে পড়ে সে। পরে উপস্থিত লোকজন তাকে হাসপাতালের দিকে নিয়ে ছোটেন।
জানা গেছে, ঘটনাটি চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার। মঙ্গলবার ঘটনাটি ঘটলেও বুধবার রাত থেকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
.png)
পুলিশ জানায়, ঘটনার শিকার শিশুটি কাঁধে বাক্স ঝুলিয়ে হেঁটে হেঁটে পান-সিগারেট বিক্রি করত। বাক্সটির দিকে নজর পড়েছিল তার পূর্বপরিচিত দুই শিশু–কিশোরের। তারা তিনজনই ফয়’স লেক এলাকায় থাকে। পান–সিগারেট বিক্রির টাকা ও বাক্সটি ছিনিয়ে নিতেই তাকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলা কাটে দুই ঐ শিশু-কিশোর।
এ ঘটনায় অভিযুক্ত দুই শিশু-কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নগর পুলিশের ডিসি (উত্তর) মোখলেসুর রহমান বলেন, শিশুটির কাছ থেকে পান-সিগারেটের বাক্সটি কেড়ে নেয়ার চেষ্টা করে হামলাকারী দুই শিশু-কিশোর। তারা তাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। গলা কাটার পর তারা বাক্সটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত দুই শিশু-কিশোরকে গ্রেফতার করা হয়েছে।