ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু পাচারে বাধা প্রদান, কৃষককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৯ মে ২০২৪
গরু পাচারে বাধা প্রদান, কৃষককে গুলি করে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের রামুতে অবৈধভাবে গরু পাচারে বাধা দেওয়ায় আবুল কাশেম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৮ মে) রাত ২টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।

জানা গেছে, উপজেলার পাহাড়ি জনপদ গর্জনিয়া ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নারাইম্মাঝিরি পাহাড় এলাকায় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আবুল কাশেম গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে।

Advertisement

বৃহস্পতিবার সকালে স্থানীয় কাঠুরিয়ারা লাশ দেখতে পেয়ে পরিবার ও থানায় খবর দেন। রামু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, আবুল কাশেম কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেলে ভাড়া মারেন। সম্প্রতি তিনি মিয়ানমার থেকে চোরাই পথে অবৈধ গরু পাচারে বাধা দেন। সে কারণেই তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা আরো জানান, ডাকাত শাহীন বাহিনী ও আবছার বাহিনীর চোরাচালানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক খুনের ঘটনা ঘটছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সকাল থেকেই অপরাধীদের ধরার জন্য আমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!