ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জানালার গ্রিল কেটে ডাকাতি: তিন ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ২৩ এপ্রিল ২০২৪
জানালার গ্রিল কেটে ডাকাতি: তিন ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলায় রাজধানী ঢাকা থেকে তিন ভরি স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ডাকাতদলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা, মো. রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯) ও মো. আকাশ (১৮)।

Advertisement

পুলিশ সুপার জানান, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ফেলে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, পাঁচটি মোবাইল, একটি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মো. রফিকুল ইসলাম ও মো. আকাশকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে, ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কামাল গাজীকে গ্রেফতার এবং ডাকাতি হওয়া মালামাল থেকে তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া তাদের তথ্যমতে, জালকুড়ি তালতলা ডিএনডি খাল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে ঘটনার সঙ্গে সাতজন জড়িত থাকার কথা জানিয়েছেন। গ্রেফতারকৃত ডাকাত সর্দার মো. কামাল গাজীর বিরুদ্ধে আটটি ডাকাতি এবং আসামি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা রয়েছে। এই ডাকাতির সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!