ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
নরসুন্দা নদীর উপর রঘুখালি সেতু

সেতু নির্মাণ কাজ শুরুর আগেই মেয়াদ শেষ!

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:৪৮, ২২ এপ্রিল ২০২৪
সেতু নির্মাণ কাজ শুরুর আগেই মেয়াদ শেষ!
নরসুন্দা নদীর ওপর রঘুখালি সেতু। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের মেয়াদ ২ বছর আগে শেষ হলেও কাজ হয়েছে মাত্র দেড় শতাংশ। কাজের অগ্রগতি না থাকায় প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদারের গাফিলতিতে এ অবস্থা দাবি এলজিইডির।

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ও বৌলাই ইউনিয়ন এবং করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গলসহ তিনটি ইউপির প্রায় দেড় লাখ মানুষের স্কুল-কলেজ, হাসপাতাল ও কৃষিপণ্য বাজারজাতকরণসহ জেলা  শহরে যোগাযোগ করতে ব্যবহার করা হতো সেতুটি।  

সেটুটি সংস্কার করে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ৪০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩ কোটি টাকা। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিবিএল সার্চের জেবেকা ও সাব-ঠিকাদার হিসেবে চুক্তিবদ্ধ হয় কিশোরগঞ্জের মেসার্স এস আলম।

সোয়া তিন কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ১৭ মার্চ। সেতুটির নির্মাণ কাজের মেয়াদ শেষ হয় ২০২২ সালের ২৩ জুন। সেতু নির্মাণ কাজের মেয়াদ ২ বছর আগে শেষ হলেও সেতু নির্মাণ কাজ শুরুই হয়নি।

সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশে ২টি গার্ডার নির্মাণ করে ৩ বছর ধরে লাপাত্তা সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এস আলম।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, ঠিকাদার প্রথম দিকে পুরাতন সেতুটি ভেঙে দুইটি গার্ডার নির্মাণ করে। এরপর তাদের আর দেখা মেলেনি। সেতুর কাজও হয়নি। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে।

অপর এক স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, একজন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় রোগী বাঁচানোই দায় হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা সাব্বির বলেন,সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় জনগণ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ চলাচল করতে পারছে না এবং পণ্য পরিবহন করতে কয়েক কিলোমিটার পথ ঘুরে শহরে যেতে হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এস আলমের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

কিশোরগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোজাম্মেল হক বলেন,সেতু নির্মাণ কাজ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে প্রকল্প পরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন পেলে দ্রুতই নতুন দরপত্র আহবান করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
ট্যাগ: কিশোরগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!