ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২১ এপ্রিল ২০২৪
মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার মোহাম্মদ ইসমাইল।

গুলিবিদ্ধ জেলেরা সাগরের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে কূলে ফেরার সময় তাদের শরীরে গুলি লাগে। 

Advertisement

আহত দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিলো। ঐ জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

মাঝি ইউসুফ আরো বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে, বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি। পরপর কয়েকটি গুলি চালিয়ে আহত করা হয়েছে আমাদের।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, সাগরে মাছ ধরে ফেরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এলোপাতাড়ি গুলিতে দুই জেলে আহত হন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!