বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের জেলেখালী গ্রামের নিজ বাড়িতে ফাঁস দেন তিনি। এর আগে ভোরে নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন ওই প্রেমিক।
মৃত প্রদীপ কুমার মন্ডল (২৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসুদেব মণ্ডলের ছেলে।
.png)
ফেসবুক পোস্ট প্রদীপ বলেন, পাখি দুই বছর আগে তোমাকে বলেছিলাম, আমাকে ছেড়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক করলে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আজ তোমাকে অন্য মানুষের সঙ্গে কথা বলতে দেখে সহ্য করতে না পেরে তোমার দেওয়া প্যান্ট ও শার্ট পরে চিরবিদায় নিলাম। পাখি তুমি একটা বেঈমান, পুনরায় কারো সঙ্গে এমন বেঈমানি যেন না করো তাই আমি চলে গেলাম।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর ধরে প্রদীপের সঙ্গে বংশীপুর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় ক্ষুব্ধ হন প্রদীপ। বিষয়টি মানতে না পেরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় মহিলা ইউপি সদস্য নিপা চক্রবতী বলেন, বংশিপুরে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রদীপের। তার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জেলেখালীতে প্রদীপ নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।