ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একই বাইকে তিনজন, সড়কে ঝরল পথচারীসহ এক বন্ধুর প্রাণ 

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ১২ এপ্রিল ২০২৪
একই বাইকে তিনজন, সড়কে ঝরল পথচারীসহ এক বন্ধুর প্রাণ 
ফাইল ফটো

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাওয়াইখালী সেতু সংলগ্ন ডৌয়াতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাকতুব্বরের ছেলে আলছাফ মাতুব্বর এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 

আহতরা হলেন- সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা মুস্তাকিন হোসেন। আহতরা নিহত আলছাফের বন্ধু। 

Advertisement

জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে ফরিদপুর থেকে নড়াইলে ঘুরতে আসার পথে রাত ৮টার দিকে নড়াইল সদর উপজেলার ডৌয়াতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য দুজন এবং অজ্ঞাতনামা পথচারীকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অজ্ঞাতনামা পথচারীও মারা যান।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের অফিসার অলোক কুমাার বাগচী বলেন, সড়ক দুর্ঘটনায় চারজনের একজন ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!