ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে স্বেচ্ছাসেবক লীগের সম্পাদককে কুপিয়ে হত্যা 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ২১ মার্চ ২০২৪
যশোরে স্বেচ্ছাসেবক লীগের সম্পাদককে কুপিয়ে হত্যা 
ছবি: সংগৃহীত

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউপির গোবিলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শিমুল একই গ্রামের মোকলেচুর রহমানের ছেলে এবং আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।

জানা যায়, নিহত জিল্লুর রহমান শিমুল দুইদিন আগে রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে লাইট না থাকায় একই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় তারা জিল্লুর রহমানকে হত্যার হুমকি দেন।

Advertisement

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকার তরিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন জিল্লুর রহমান। পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওইসব লোক তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় জিল্লুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিল্লুর রহমান। 

খবর পেয়ে জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামিম হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন হাসপাতালে আসেন। 

নিহতের স্ত্রী নাসিমা খাতুন বলেন, বেশ কয়েকদিন ধরে এলাকার বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুল স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। রাত সাড়ে ৮টার দিকে তিনি বাইরে থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ওই সন্ত্রাসীরা স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। 

এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সাইফুর রহমান জানান, অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে জিল্লুর রহমান মারা গেছেন। 

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, লাশ হাসপাতাল মর্গে আছে। খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!