ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহম্মদপুরে ডাকাতির ৩৪ দিন পর যুবক গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২১ মার্চ ২০২৪
মহম্মদপুরে ডাকাতির ৩৪ দিন পর যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার মহম্মদপুরে ডাকাতির ঘটনার এক মাস চারদিন পর আলামিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আলামিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের উজির মিয়ার ছেলে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ডাকাত সদস্যরা সুকৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক প্রয়োগ করে উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় অধ্যক্ষ খায়রুজ্জামান বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি ১২-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

ওসি বোরহান উল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার পর মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা স্যারের নির্দেশনায় একটি টিম গঠন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করি। সহকারী পুলিশ সুপার সার্কেল (শালিখা-মহম্মদপুর) মোস্তাফিজুর রহমানের সঙ্গে ইন্সপেক্টর (তদন্ত) রাসেল মুন্সি বিভিন্ন সূত্র ধরে কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করা হয়।

ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আলামিনের দেওয়া তথ্যমতে, মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একটি মেহগনি গাছের বাগান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!