রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার তীরে রায়টা পাথরঘাটের কাছে পুরাতনপাড়া পানচাষি সিরাজের পানবরজে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের আগুন আশেপাশের অন্যান্য পান বরজে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে- ১০০ বিঘা জমির প্রায় ৫০ হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
.png)
সরেজমিন দেখা যায়, আগুনের লেলিহান শিখা আশপাশের ৭ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রায়টা, আরকান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়া, মেঘনাপাড়ার ছয়টি গ্রাম আক্রান্ত হয়েছে। আগুন আতঙ্কে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
পান বরজের এক মালিক কামাল হোসেন বলেন, আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার পানের বরজে আগুন দিয়েছে আমি জানি না। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।
এ ব্যাপারে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে ৪টি ইউনিট কাজ করে। প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পানের বরজে কেউ শত্রুতা করে আগুন ধরিয়ে দিতে পারে। বিশাল এলাকাজুড়ে পানবরজের অগ্নিকাণ্ডে পানচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।