ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অসাধুরা সাবধান হোন, আমরা বাজার মনিটরিং করবো: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ৬ মার্চ ২০২৪
অসাধুরা সাবধান হোন, আমরা বাজার মনিটরিং করবো: চসিক মেয়র
ছবি: ডেইলি বাংলাদেশ

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করবে চসিক। আমরা বাজার মনিটরিং করবো। প্রয়োজনে রোজা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ কারণে অসাধুদের সাবধান করছি, নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিলে আইনি মোকাবিলার জন্য প্রস্তুত হোন।

বুধবার চসিক কার্যালয়ে বাজার মনিটরিং কমিটির উদ্যোগে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement

এ সময় ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে চসিক মেয়র বলেন, রমজান মাসে আমাদের দুটি সমস্যা মোকাবিলা করতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানজট। কেবল আইন বা শাস্তির মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব নয়। রোজার মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে রোজাদাররা যেন কষ্ট না পান সেজন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন।

উচ্ছেদ অভিযানের কারণে এবারের রমজানে সড়কে যানজট কমবে বলে মনে করেন রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, রমজান মাসে যানজট বেড়ে যায়। তবে এবার নিউমার্কেট ও আগ্রাবাদ মোড়ে আমরা যে উচ্ছেদ অভিযান চালিয়েছি তার কারণে যানজট কম হবে। আমরা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবো। যারা উচ্ছেদ অভিযান বন্ধে হুমকি দিচ্ছে এবং নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশে বলবো- কোনো হুমকিতে অভিযান বন্ধ হবে না। উদ্ধারকৃত জায়গা প্রতিটি থানা মনিটরিং করলে জনগণকে মুক্ত ফুটপাত, রাস্তা দেওয়ার পরিকল্পনা বাস্তবে রূপ নেবে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিকের বিশেষ ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, বিএসটিআইয়ের সহকারী পরিচালক নিখিল রায়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!