ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে অভিযান চালিয়ে তিন হাসপাতালের কার্যক্রম বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ৩ মার্চ ২০২৪
মানিকগঞ্জে অভিযান চালিয়ে তিন হাসপাতালের কার্যক্রম বন্ধ
ছবি- ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে সঠিক কাগজপত্র, দক্ষ জনবল ও পরিচ্ছন্নতা না থাকাসহ বিভিন্ন অভিযোগে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ শহরের বিভিন্ন অবৈধ ক্লিনিকে অভিযান পরিচালনা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কার্যক্রম বন্ধ করে দেওয়া হাসপাতালগুলো হলো- মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, মানিকগঞ্জ প্রাইম হাসপাতাল ও ফিরোজা জেনারেল হাসপাতাল। 

Advertisement

অভিযান সূত্রে জানা গেছে, ‘সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স, প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্ট ও দক্ষ জনবল না থাকায় মা ও শিশু হাসপাতাল এবং মানিকগঞ্জ প্রাইম হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। 

অপরদিকে প্রশিক্ষিত চিকিৎসক, পর্যাপ্ত এনআইসিইউ চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ল্যাব টেকনোলজিস্ট ও অপরিচ্ছন্নতার অভিযোগে ফিরোজা জেনারেল হাসপাতালের অপারেশন, এনআইসিইউ এবং এক্সরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, ‘দক্ষ জনবল, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতাল তিনটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের যে সব বিষয়ে অপূর্ণতা রয়েছে তা পূরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘাটতি পরিপূর্ণ ও আমাদের নির্দেশনা বাস্তবায়িত হলে আবারো তাদের কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হবে। 

এদিন অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডা. আল আমিন, ডা. পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আসাদ জামান

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!