শনিবার রাতে তাদেরকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহতরা হলেন- গাজীপুর জেলার ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) ও হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মামাতো বোনের বিয়েতে আসেন দীপু সরকার। শুক্রবার মধ্যরাতে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানে দেশীয় মদ পান করে কয়েকজন যুবক। শনিবার সকালের দিকে অসুস্থ হয়ে যান দীপু ও প্রসেনজিৎ। পরে শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।
.png)
পরে স্থানীয়রা মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রসেনজিৎ মারা যান। এদিকে, দীপু সরকারকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দীপুকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে মদপানে দু’জন মারা গেছেন। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।