ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় নাগরদোলা বিকল, ৯৯৯-এর ফোনে শিশুসহ উদ্ধার ১৫

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ৩ মার্চ ২০২৪
খুলনায় নাগরদোলা বিকল, ৯৯৯-এর ফোনে শিশুসহ উদ্ধার ১৫
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। 

নাগরদোলা বিকল হয়ে আটকে ছিল প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু। পরে ‘জাতীয় জরুরি সেবা’৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

রোববার বিকেলে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

Advertisement

আনোয়ার সাত্তার জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার রূপসা সেতুর কাছে ‘রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে’ থেকে রাজীব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’নম্বরে ফোন করে জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫-২০ জন নারী ও শিশু ৪০-৫০ ফিট উঁচুতে আটকে আছে।

ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে। দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধের কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল লাইলাতুল জাইজা।

কল পেয়ে কনস্টেবল জাইজা তাৎক্ষণিকভাবে খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদি হাসান সুমন, রাজীব এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে টার্ন ট্যাবল হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ১০ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষকে নিরাপদে উদ্ধার করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডিং অফিসার মো. ফারুক হোসেন শিকদার ৯৯৯-কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!