অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- জিয়েল বুক হাউজ, আল আমিন স্টিল স্টোর, বলাকা বুক হাউজ ও নুসা ফার্নিচার ।
ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের কন্ট্রোল রুমে দায়িত্বরত শাহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুর স্টেশন থেকে দমকল বাহিনীর ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যেখানে উপস্থিত ছিলেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।
জানা গেছে, ফেরিঘাট মোড়ে প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরো ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৭টি ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।