ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বেইলি রোডে আগুন

টাঙ্গাইলের মেহেদীর মৃত্যুর শোকে পাগলপ্রায় বাবা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১ মার্চ ২০২৪
টাঙ্গাইলের মেহেদীর মৃত্যুর শোকে পাগলপ্রায় বাবা
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের মধ্যে একজনের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে।

শুক্রবার (১ মার্চ) তার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে চলছে মাতম। মা ও বোন বারবার মূর্ছা যাচ্ছেন। মেহেদী হাসানের অকাল মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছে না। ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় বাবা আয়নাল মিয়া।

বোন সুমাইয়া আক্তার বলেন, আমার ভাই গতকাল ফোন দিয়ে বলছে তুমি বাবার বাড়ি যাও আমি আসবো, আমার সেই ভাই আর এলো না। আমার ভাই রেস্টুরেন্টে চাকরি করতো। আমার ভাইয়ের আয় দিয়ে সংসার চলতো, মাসে ২০ হাজার টাকা বেতন পাইতো। আজকে আসার কথা ছিল আর আসলো না আমার ভাই।

Advertisement

বাবা আয়নাল মিয়া বলেন, আমার ছেলেকে হারিয়ে সব শেষ হয়ে গেল। আমার পোলাডা মইরা গেল, আমার আর কিছুই রইল না।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, মেহেদীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। এই পরিবারকে সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। তদের মধ্যে কেউই শঙ্কামুক্ত না হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের শিকার ভবনটির দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল। এরপর তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টগুলোতে ভিড় হয় ক্রেতাদের।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!