ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম

রাজবাড়ীতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা মামলায় স্ত্রী সাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সাহিদার স্বামী আশরাফ সানার বাড়ি ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ওকাপুর গ্রামে। তিনি সাহিদাকে বিয়ে করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামে জমি কিনে বাড়ি করেন। এখানে বাড়ি করার পর তিনি আবার সাতক্ষীরা কলারোয়াতে আরেকটি বিয়ে করেন। 

দ্বিতীয় বিয়ের পর থেকে আশরাফ প্রথম স্ত্রী সাহিদা বেগমের সংসার খরচ দেওয়া বন্ধ করে দেন। মাঝে মধ্যেই সাতক্ষীরা থেকে এসে প্রথম স্ত্রী সাহিদার কাছে টাকা চেয়ে মারধর করতেন আশরাফ। টাকা দিতে না পারলে বাড়ি বিক্রি দেওয়ার হুমকি দিতেন। ঘটনার দিন ২০১২ সালের ৪ ডিসেম্বর সকালে টাকা চেয়ে ঝগড়া করতে থাকেন  আশরাফ। 

Advertisement

একপর্যায়ে ঘরে থাকা লোহার রড নিয়ে স্ত্রী সাহিদাকে মারতে যান আশরাফ। ওই সময় সাহিদা বেগম ওই লোহার রড দিয়েই আশরাফের মাথায় আঘাত করেন। এ সময় আশরাফ চিৎকার করে বাড়ির পাশের ক্ষেতের মধ্যে পড়ে যান। তখন সাহিদা গিয়ে আশরাফের মাথায় রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফ। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা করেন সাহিদার বড় মেয়ে আফরোজা বেগম। মামলার পর সাহিদাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। সাহিদা বেগম ৯ মাস কারাভোগের পর থেকে রায় প্রদানের দিন পর্যন্ত জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সাহিদা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট উজীর আলী বলেন, আদালত রায় প্রদানের সময় বলেছেন সাহিদার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হয়। কিন্তু আসামির বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!