ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
১ লাখ ৬০০ হেক্টর জমিতে আবাদ

রংপুর অঞ্চলে আলু তোলার ধুম   

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
রংপুর অঞ্চলে আলু তোলার ধুম   
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর অঞ্চলের ৫ জেলায় আলু তোলার ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে আলু তোলার কাজ। কৃষি শ্রমিকের অভাবে অনেক কৃষক তাদের জমি থেকে আলু তুলতে পারছেন না। অনেক কৃষক তাদের পরিবারের সদস্য ছাড়াও নিকট আত্মীয় স্বজনদের কাজে লাগিয়েছেন আলু তোলার কাজে।

বর্তমানে একজন নারী শ্রমিক আলু তোলার জন্য পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন তিন থেকে চারশ টাকা। এই কাজে শিশুরাও পিছিয়ে নেই।

চলতি মৌসুমের মঙ্গলবার পর্যন্ত রংপুর অঞ্চলের ৫ জেলায় আলু তোলার পরিমাণ ৪৮ হাজার ৮৪৬ মেট্রিক টন। এসব আলুর মধ্যে রয়েছে উফশী ও স্থানীয় জাত। বাকি আলু আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘরে তোলা হবে বলে জানিয়েছেন রংপুর কৃষি বিভাগের কর্মকর্তারা।

Advertisement

কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী  জেলায় গতবারের চেয়ে এবার ৩ হাজার ২৭৫ হেক্টর বেশি জমিতে স্থানীয় ও উফশী জাতের আলুর চাষ করা হয়েছে। যার পরিমাণ ১ লাখ ৬০২ হেক্টর জমি। 

এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত রংপুরে  ৫৩ হাজার ৯৩০ হেক্টর জমির মধ্যে ১৮ হাজার ৪০০ হেক্টর জমি থেকে আলু তোলা হয়। হেক্টর প্রতি গড় ফলনের হার উফশী ২৯ দশমিক ৪৫ ও স্থানীয় ১১ দশমিক ৮০ মেট্রিক টন।

গাইবান্ধায় ১১ হাজার ১৫২ হেক্টর জমির মধ্যে আলু তোলা হয়েছে ৫ হাজার ২৩১ হেক্টর জমির। হেক্টর প্রতি গড় ফলনের হার উফশী ২৫ দশমিক শূন্য ও স্থানীয় ১২ দশমিক শূন্য মেট্রিক টন।

কুড়িগ্রামের ৭ হাজার ৭৫ হেক্টর জমির মধ্যে আলু তোলা হয়েছে ৪ হাজার ৬৭০ হেক্টর জমির। হেক্টর প্রতি গড় ফলনের হার উফশী ২৩ দশমিক ৭০ ও স্থানীয় ১৩ দশমিক শূন্য মেট্রিক টন।

লালমনিরহাটে ৬ হাজার ৪৫৫ হেক্টর জমির মধ্যে আলু তোলা হয়েছে ১ হাজার ৯১০ হেক্টর জমির। হেক্টর প্রতি গড় ফলনের হার উফশী ২৩ দশমিক ৬৭ ও স্থানীয় ১৩ দশমিক ৭১ মেট্রিক টন।

নীলফামারী জেলায় ২১ হাজার ৯৯০ হেক্টর জমির মধ্যে আলু তোলা হয়েছে ১৮ হাজার ৭৩৫ হেক্টর জমির। হেক্টর প্রতি গড় ফলনের হার উফশী ২৩ দশমিক ৫০ ও স্থানীয় ১২ দশমিক ৬৫ মেট্রিক টন। 
 
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউপির ধাপেরহাট এলাকার কৃষক আলাউদ্দিন জানান, চলতি মৌসুমে ৮ একর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন।  এবার তার নিজস্ব বীজ দিয়ে আলু চাষ করায় উৎপাদন কম হয়েছে। সব মিলে একর প্রতি তার খরচ হয়েছে ১ লাখ টাকা।  এবার প্রতি একরে তিনি গড়  ফলন পেয়েছেন প্রায় ১০০ বস্তা। তবে উন্নত বীজ হলে উৎপাদন বেশি হতো বলে জানান তিনি। 

রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক  মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছর রংপুর অঞ্চলের  ৫ জেলায় আলুর মোট উৎপাদন হয়েছিলো ২৭ লাখ ৩২ হাজার ১৫৪ মেট্রিক টন। এবার এর চেয়ে বেশি আলু উৎপাদন হবে বলে তিনি আশাবাদী। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!