বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমিনুল ইসলাম (৬৬), ওলি উদ্দিন খান (৩২), ইমরান খাঁন (২৩), মোসলেম (৪৩), আব্দুল গাফ্ফার (৪২), মজনু মিঞা (৩৪), অমল কুমার (২৭) ও ইমরান হোসেন (১৮)।
.png)
গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক গাড়িতে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে সমবেত হয়। পরে দুষ্কৃতকারীরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে।
তিনি আরো জানান, এ সময় পুলিশ গোপন সংবাদে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে আটজনকে গ্রেফতার করা হয়। তাদের সহযোগী অজ্ঞাতনামা ২-৩ জন কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, তালা কাটার যন্ত্র, একটি লোহার পাইপ, একটি করাত, সাতটি হেক্সো ব্লেড এবং একটি লোহার তৈরি এক্সেল জব্দ করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও দস্যুতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।