বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পাঁচজন সিনিয়র ডাক্তারের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর তদন্তকালীন সময়ে ডা. সোহাগ হাসান ও ডা. আলমগীর হোসেন নামে দুই ইন্টার্নকে প্রশিক্ষণ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা দুইজনই মেডিসিন ডাক্তার। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, গত বুধবার বেলা ১১টায় রামেক হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরা পিয়ারা বেগম নামে এক রোগীর ছেলে সুমন পারভেজ রিপনকে দুর্ব্যবহারের অভিযোগে ডেকে এনে আটকে রেখে বেধড়ক পেটান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমলে নিয়ে ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐ রাতেই লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী যুবক।
.png)