ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে প্রতারণার দায়ে কারাগারে যুবক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুরে প্রতারণার দায়ে কারাগারে যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে মাদরাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্রতারণার দায়ে কামরুল হাসান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

কারাদণ্ডপ্রাপ্ত কামরুল হাসান উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

Advertisement

এর আগে, প্রতারক যুবক কামরুল হাসান প্রশাসনের বিভিন্ন দফতরে নিয়োগের তদবির করতে আসলে তার আচরণ ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে একটি কক্ষে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক রাখা হয়। কারণ এর আগে, কামরুল জেলা প্রশাসন কার্যালয়ের একাধিক এডিসির দফতরে গিয়ে সরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। আজ ভিন্ন পরিচয় জানতে পেরে প্রশাসনের একজন কর্মকর্তা তাকে দাঁড়াতে বললে তিনি দৌঁড়ে পালাতে গিয়ে আটক হয়।

প্রতারণার শিকার রাজারগাঁও ফাজিল মাদরাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদপ্রার্থী মো. রবিন হোসেন। আগামী ১০ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষা। এই পদে নিয়োগের জন্য নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রতারণা করেন কামরুল হাসান।

এ প্রসঙ্গে রবিনের বাবা মোস্তফা কামাল জানান, তার ছেলেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ নিশ্চিত করতে প্রতারক কামরুল হাসান নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন।

মাদরাসার অধ্যক্ষ আনিছুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত যুবকের সঙ্গে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। আগামী শনিবার আমাদের প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, সরকারি আইনের বিধিনিষেধ অমান্য করার দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভুক্তভোগী পরিবার থেকে নেয়া অর্থ ফেরত দেওয়ার মুচলেকা রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!