বুধবার সকালে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
শৈশবকালে বৈচিত্র্যপূর্ণ তরুরাজির সঙ্গে ভালোবাসার বন্ধন বিনির্মাণে মুন্সীগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার এ পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। প্রথমদিনে মুন্সীগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।
.png)
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানান, শিশু-কিশোরদের শৈশব থেকে বৃক্ষ-বাগান বিষয়ে সচেতনতা তৈরি হলে তা কাজে লাগবে সারাজীবন। স্কুল হচ্ছে সবচেয় আনন্দের জায়গা। তাই স্কুলকে যত বেশি আনন্দময় করা যাবে তত বেশি শিক্ষা বাস্তবমুখী হবে, সফল হবে। যেহেতু শিক্ষার্থীর দিনের বড় একটি সময় স্কুলে কাটায় তাই বিদ্যালয় আঙিনায় ‘আমার স্কুল, আমার বাগান’ কার্যক্রম করা হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতেও এমন বাগান করতে উৎসাহ পাবে।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি উচ্চ বিদ্যালয়ে গড়ে তুলা হবে এমন বাগান। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুনভাবে পরিচিত হবে তরুরাজির সঙ্গে।