জানা গেছে, কখনো এক গাড়ির সঙ্গে আরেক গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আবার কখনো এক গাড়ির পেছনে আরেক গাড়ির ধাক্কা কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এছাড়া আছে ওভারটেকিংয়ের প্রতিযোগিতা। হঠাৎ করে পাশের ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠে পড়ছে গাড়ি। সব মিলিয়ে এসব দুর্ঘটনায় আপনজন হারিয়ে পরিবারগুলো ভেঙে পড়ছে।
স্থানীয় হাইওয়ে থানার তথ্যমতে, জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর থেকে ভালুকা অংশে। শুধু এই অংশেই গত বছর ৩৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতেই জেলার বিভিন্ন সড়কে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ঠিক কতজন আহত হয়েছেন তার পরিসংখ্যান নেই।
.png)
সড়কে চলাচলকারী একাধিক যাত্রী ও স্থানীয় লোকজন জানান, সড়কে মানুষ মরছে নিয়মিত। আর সংশ্লিষ্টরা প্রতিবারই দুর্ঘটনার কারণ জানিয়েই তাদের দায় সারছেন। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের পক্ষ থেকে তেমন কোনো জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছেই।
সাইফুল ইসলাম নামে ত্রিশাল পৌর এলাকার এক বাসিন্দা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে মহাসড়ক দখল করেই চলছে বালু বিক্রির ব্যবসা। বালু ওঠানো-নামানো করতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে থাকছে ট্রাক। মহাসড়কে অবাধে চলছে অবৈধ থ্রি-হুইলার ও তিন চাকার যান। এ ধরনের অসংখ্য কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার।

নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মান্না বলেন, ময়মনসিংহের বিভিন্ন সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যানবাহনগুলোর মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা ও যত্রতত্র গাড়ি দাঁড় করানোর কারণেও দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোরভাবে নজরদারি প্রয়োজন।
ফায়ার সার্ভিস ময়মনসিংহের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, বিশৃঙ্খল মহাসড়কে যানবাহনের অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারলোড, ওভারটেকিং-প্রবণতা, গাড়ির চাকার মান ঠিক না থাকা, পাশের ছোট রাস্তার গাড়ি হুট করে মহাসড়কে উঠে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটছে। এছাড়া মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে পারলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ডেইলি বাংলাদেশকে বলেন, সড়ক নিরাপদ ও দুর্ঘটনারোধে জেলা পুলিশ মাঠে কাজ করছে। মহাসড়কে তিন চাকার যান বন্ধ করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অনেক জায়গায় সড়ক দখল করে বাজার কিংবা বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এজন্য সড়ক কিছুটা সংকুচিত হয়েছে। এর ফলে মাঝেমধ্যে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। সড়ক দখলমুক্ত করতে প্রশাসনকে সঙ্গে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান চালানো হবে।