ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে কুকুর-বিড়ালের কামড়, চিকিৎসা নিলেন ২ শতাধিক রোগী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২৭ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে কুকুর-বিড়ালের কামড়, চিকিৎসা নিলেন ২ শতাধিক রোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে একদিনে ৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। শনিবার জেলা সদর হাসপাতালে এসে ভ্যাকসিন নেন এসব রোগী। এছাড়া গত এক সপ্তাহে অন্তত দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

এভাবে প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২৫ জন। শুধু কুকুর নয় বিড়ালের কামড়েও আক্রান্ত হয়ে অনেক রোগী চিকিৎসা নেন। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক মানুষের আহতের ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন ৩০ জন। কুকুর ও বিড়ালের কামড়ের রোগীর চাপ বেড়ে গেছে। শাকচর, চররুহিতা ও হামছাদী এলাকা থেকে রোগী বেশি এসেছে। পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট দফতর কুকুরের ভ্যাকসিন কার্যক্রম চলমান রেখেছে।

Advertisement

আহত রোগীদের মধ্যে ভ্যাকসিন নিয়েছে ১৫ মাস বয়সী শিশু মোহাম্মদ পাটওয়ারী ও আট বছরের ফরহাদ, ছয় বছরের রিহান মাহমুদ, আড়াই বছরের শিশু আবির, বৃদ্ধ আব্দুর রহিম এবং তার পরিবারের রহিমা খাতুন ও রিনা আক্তার। এছাড়া শামছুন নাহার, মিতু, ফরহাদ, হোসনেয়ারা, সাব্বির আহমেদসহ গত এক সপ্তাহে কুকুর ও বিড়ালের কামড়ে দুই শতাধিক রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মামুনুর রশিদ পাটওয়ারী তার ১৫ মাস বয়সী ছেলে মোহাম্মদ পাটওয়ারীকে হাসপাতালে এনে কুকুরে কামড়ের ভ্যাকসিন দিয়েছেন। মোহাম্মদের হাতে পাগলা কুকুরে কামড় দিয়েছে বলে জানান তিনি। চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের বতু মিঝির বাড়িতে ৩৫ বছর বয়সী হোসনেয়ারা বেগমের গালে কামড় দেয় কুকুর।

তিনি বলেন, মোবাইল ফোনে আমার প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়। এতে রক্তাক্ত জখম হয়েছি।

কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামে বাড়ির সামনে খেলতে গেলে ফরহাদকে কুকুর কামড় দেয়। তাকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছেন তার বাবা আনোয়ার হোসেন। কয়েকদিন আগে আনোয়ারকেও কুকুরে কামড় দিয়েছে বলে জানান তিনি।

চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট বাজারের ফার্মাসিস্ট জহিরুল ইসলাম বলেন, এলাকায় প্রচুর রোগী রয়েছেন। তাদেরকে হাসপাতালে যেতে বলেছি। হঠাৎ করে কুকুরের উৎপাত বেড়ে গিয়েছে।

বিড়ালের কামড়ে আহত লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার ১৮ বছর বয়সী সাব্বির আহমেদ হাসপাতাল এসে ভ্যাকসিন নিয়েছেন। তিনি বলেন, বিড়াল নিয়ে দুষ্টুমি করছিলাম। এরমধ্যেই বিড়াল আমার হাতের আঙ্গুলে কামড় দেয়। কোনো সমস্যা হয় কিনা, এনিয়ে ভয় লাগছে। এজন্য হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছি। 

ভ্যাকসিন প্রদানকারী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুর রব বলেন, সকাল থেকে ভ্যাকসিন দিচ্ছি। অনেক রোগী এসেছেন। রোগীদের হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর-বিড়ালের কামড়ের দাগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!