ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুরগি নিয়ে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২৭ জানুয়ারি ২০২৪
মুরগি নিয়ে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন
ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মুরগির বাচ্চা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার আমতৈল সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, আমতৈল সাদীপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের (২৮) বাড়ি পাশাপাশি। শামসুন নাহারের পালন করা দুটি মুরগির বাচ্চা প্রতিবেশী দিলোয়ারের বাড়িতে যায়। এতে ওই বাড়ির পরিবেশ নষ্ট হয় বলে দিলোয়ারের পরিবারের অভিযোগ। 

Advertisement

এ নিয়ে আগেও তাদের বাগবিতণ্ডা হয়। শুক্রবার সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে শামসুন নাহার ও তার পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাঘাতের শিকার হন দিলোয়ার। পরে রাত পৌনে ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মুরগির বাচ্চা ঘরের পরিবেশ নষ্ট করছে, এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দিলোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। শামসুন নাহার ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!