মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ এবং চুয়াডাঙ্গায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন সারাদেশে এটি সর্বনিম্ন তাপমাত্রা।
এদিন সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
এছাড়া মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তীব্র শীতে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টায় এই তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রতিষ্ঠানপ্রধানদের কাছে বার্তা পাঠিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।