বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের হিসেবে ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসেবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার ১ হাজার ৬৭১ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
.png)
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, বাঘাবাড়ি এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এবং শিক্ষার্থীদের শীতে কষ্টের কথা ভেবে জেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরো কয়েক দিন এমন তাপমাত্রার সঙ্গে শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে। অন্যান্য বছরের তুলনায় এ বছর শীত বেশি পড়েছে।