খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পুলিশি ঝামেলা এড়াতে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর পুত্র রুবেল মিয়াসহ তার লোকজন এক্সেভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াদের স্থানীয় মুরব্বিদের দোহাই দিয়ে বাধা দেন। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল।
.png)
গত কয়েকদিন পূর্বে হুকুড়া মহল্লাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে রুবেল মিয়া তাতে অসম্মতি জানান। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর করিমসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৪ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।