ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার থেকে ইয়াবা এনে বেচতেন চট্টগ্রাম-ফেনী-কুমিল্লায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১৭ জানুয়ারি ২০২৪
কক্সবাজার থেকে ইয়াবা এনে বেচতেন চট্টগ্রাম-ফেনী-কুমিল্লায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজারের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া উপজেলার নাইকেন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. চান মিয়া ও একই উপজেলার শান্তির হাট এলাকার মো. শফির ছেলে মো. ইস্কান্দার হোসেন বাপ্পী।

Advertisement

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজার থেকে প্রাইভেটকারে চট্টগ্রামের দিকে ইয়াবা আসছে- এমন তথ্য ছিল র‍্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজারের পশ্চিম পাশে রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ি থামিয়ে কৌশলে নেমে পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে প্রাইভেটকারের পেছনে মালামাল রাখার স্থান থেকে ৬৪ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কমদামে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে সেগুলো চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন বলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!