ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুবাইয়ে পালাতে গিয়ে প্রাণ গেল প্রবাসী যুবকের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৬ জানুয়ারি ২০২৪
দুবাইয়ে পালাতে গিয়ে প্রাণ গেল প্রবাসী যুবকের
ছবিতে সৌরভ মাঝি

দুবাইয়ে বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে সৌরভ মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার (১৪ জানুয়ারি) ভোররাতে দুবাইয়ের রোলা শহরে এ দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে নিহতের পরিবার নিশ্চিত করে।

নিহত সৌরভ মাঝি শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি এলাকার সায়েদ মাঝির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান সৌরভ মাঝি। এরপর তিনি শারজাহ শহরে রংমিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে রংমিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে রোলা শহরে পালিয়ে চলে আসেন তিনি। গত রোববার রাতে সৌরভ ও তার দুই বন্ধু রোলা শহরের একটি ভবনে অবস্থান নিয়েছিলেন। এ সময় ভবনটিতে পুলিশ হানা দেয়। সে ভবন থেকে পাশের একটি ভবনে লাফিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যান সৌরভ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে মঙ্গলবার বাংলাদেশে তার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। 

Advertisement

নিহতের ফুফাতো ভাই জামিল আহসান শুভ বলেন, আমরা সৌরভের মামা গিয়াসউদ্দিন শিকদারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হই। ওর এখনো দুই মাসের ভিসা রয়েছে। পুলিশ আসার খবরে ঘাবড়ে গিয়েছিলেন। এ সময় ভবন থেকে পালাতে গিয়ে লাফ দিয়েছিলেন সৌরভ। পরে নিচে পড়ে মৃত্যু হয়। তার এমন মৃত্যু মেনে নেয়ার মতো না। 

নিহত সৌরভের বাবা সায়েদ মাঝি বলেন, এভাবে ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। অন্তত শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই। সরকার থেকে যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন ফকির বলেন, সৌরভের এক আত্মীয়ের মাধ্যমে মৃত্যুর খবরটি পাই। আমাদের পক্ষ থেকে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, নিহতের পরিবার থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। তবে কাগজপত্রসহ নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!