ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা-ভিডিও ধারণ, প্রাণ গেল তরুণের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ১৩ জানুয়ারি ২০২৪
মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা-ভিডিও ধারণ, প্রাণ গেল তরুণের
নিহত আফসান। ফাইল ফটো

খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোটরসাইকেল প্রতিযোগিতার সময় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রূপম হালদার আফসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শনিবার বিকেলে খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের চাচাতো ভাই রিশাদ হালদার।

নিহত আফসান উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসলাম হালদারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার।

Advertisement

স্থানীয়রা জানান, আফসান মোটরসাইকেলে তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে এবং আরো তিনটি মোটরসাইকেলে খুলনা থেকে কাতিয়ানাংলা তার বাড়িতে যাচ্ছিলেন। তাদের চারটি গাড়ির মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি গাড়ির প্রতিযোগিতার ভিডিও মোবাইলে ধারণ করা হচ্ছিল। 

পথিমধ্যে সিলিন্দামারি কারিগারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা দু’জন জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করেন। তার চাচাতো ভাই চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি রিপন কুমার সরকার বলেন, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল আফসান। তার মরদেহ চেয়ারম্যানের বাড়িতে রয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!