ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মই দৌড়’ খেলা দেখতে জনতার ঢল

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ১২ জানুয়ারি ২০২৪
‘মই দৌড়’ খেলা দেখতে জনতার ঢল
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে। শীতের পড়ন্ত বিকেলে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসে খেলা দেখতে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার মাঠে গ্রামবাসীর আয়োজনে গরুর মই দৌড় অনুষ্ঠিত হয়। গরুর মই দৌড় দেখতে মাঠে জনতার ঢল নামে। 

খেলায় ১৪টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে খেলায় প্রথম হয়েছেন নূরনবী মন্ডল, দ্বিতীয় হয়েছেন হেলাল উদ্দিন, তৃতীয় হয়েছেন, আব্দুল বারেক। প্রথম পুরস্কার হিসেবে ছিল ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার বড় পাতিল‌।

Advertisement

এ খেলায় চারটি করে গরু একত্রিত করে গরুর সঙ্গে মই রশি দিয়ে লাগানো হয়। পরে মইয়ের ওপর দু’জন চড়ে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করেন। যিনি আগে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন তিনিই প্রথম হন।

রাশেদা নামে এক নারী বলেন, এই খেলা দেখে আমি খুবই আনন্দিত। এই খেলার আয়োজক কমিটিকে বলবো তারা যেন প্রতিবছরে এই খেলার আয়োজন করেন।

খেলা দেখতে আসা পারভিন বলে, জীবনে প্রথম এই মই দৌড় খেলা দেখলাম। এ খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখলাম খুবই ভালো লেগেছে।

খেলার আয়োজক কমিটির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, আগে ঐতিহ্যবাহী গরুর মই দৌড় খেলা আয়োজন করা হতো। এখন প্রায় বিলুপ্তের পথে। তরুণ ছেলেমেয়ের এই খেলা সম্পর্কে জানলেও কখনো দেখেনি‌। নতুন প্রজন্মকে দেখানোর জন্যেই এ খেলার আয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!